
ভারতে পাচার হওয়া শিশুসহ ১৮ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন। ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা ১৮ জনের মধ্যে ৯টি শিশু ও ৯ জন নারী রয়েছেন। তারা ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, গোপালগঞ্জ, খুলনা, যশোর, বরিশাল, নরসিংদী, সাতক্ষীরা, গাইবান্ধা ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, দালালচক্রের খপ্পরে পড়ে ১৮ নারী-শিশু বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্তপথে ভারতে যান। সেখানে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে তারা আটক হন। পরে পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
সাজাভোগ শেষে বেসরকারি একটি মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে। এরপর ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার তারা দেশে ফেরেন।
ওসি সাইফুর রহমান আরও জানান, দেশে ফেরার পর তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও ও মানবাধিকার সংস্থার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রাইটস যশোরের তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, ফেরত আসাদের নিজস্ব শেল্টার হোমে রাখার পর পর্যায়ক্রমে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।