
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ স্লোগানকে সামনে রেখে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক লিটন বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) মো. আমিরুল ইসলাম, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মো. নাহিদ হাসান ও আমিনুল ইসলাম খান, নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন এবং বিআরটিএ’র উচ্চমান সহকারী সাকিরুল ইসলাম।