আশুগঞ্জে রুমিন ফারহানার অনুষ্ঠান ঘিরে দুই পক্ষের উত্তেজনা

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬ | অনলাইন সংস্করণ

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে বিএনপির আপত্তির ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠানের প্রস্তুতির খোঁজ নিতে গেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের নেতৃত্বে হামলার অভিযোগ করেছেন আয়োজকদের পক্ষের লোকজন। এতে রুমিন ফারহানার নেতাকর্মীরা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় ‘আব্দুল কাদির শাহ পাঠাগার’-এর উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ‘ভাষা সৈনিক অলি আহাদ সম্মাননা স্মারক’ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা উপস্থিত থাকবেন বলে প্রচার করা হয়েছে।

আহতরা হলেন আতাউর রহমান ও রাসেল বিপ্লব। আতাউর আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এবং রাসেল সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

আয়োজকদের সূত্রে জানা গেছে, খোলাপাড়া গ্রামে আবদুল কাদির শাহ পাঠাগারটি পল্লী অঞ্চলে শিক্ষা প্রসারে ২০১৮ সাল থেকে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। এটি জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের তালিকাভুক্ত একটি বেসরকারি পাঠাগার।

আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে আশুগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সংবর্ধনা অনুষ্ঠানের আপডেট জানতে উপজেলা পরিষদে যান আবদুল কাদির শাহ পাঠাগারের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব। এ সময় নির্বাহী কর্মকর্তার কক্ষে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনকে ইউএনওর সঙ্গে কথা বলতে দেখে তারা ভেতরে প্রবেশ করেননি।

সেখান থেকে নিচে নেমে উপজেলা পরিষদের বিপরীত দিকে দাঁড়িয়ে তারা নিজেদের মধ্যে কথা বলছিলেন। পরে দুপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ তার লোকজন গিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। পরে উপজেলা পরিষদে থাকা গ্রাম পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেন।

অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, মাদকের বিষয় নিয়ে তাদের ছেলেপেলের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তিনি তাদের ফিরিয়ে দিয়েছেন বলে জানান।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, উপজেলা পরিষদের পেছনের মাঠে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তিনি বলেন, রুমিন ফারহানা সংসদ সদস্য। তিনি চাইলে অবশ্যই সংবর্ধনা অনুষ্ঠান হবে।

আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান বলেন, ‘আব্দুল কাদির শাহ পাঠাগার’ স্থানীয় আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন হিসেবে কাজ করছে। এ অবস্থায় সরকারি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তাদের অনুষ্ঠানের অনুমতি দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

তিনি আরও বলেন, সম্প্রতি সংসদে রুমিন ফারহানার দেওয়া বক্তব্য নিয়েও বিএনপির সাধারণ নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাই প্রশাসনের প্রতি অনুষ্ঠানটির অনুমতি না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে গত ১২ সেপ্টেম্বর আশুগঞ্জ উপজেলা বিএনপি ঝাড়ু মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। ওই কর্মসূচি থেকে তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এ কর্মসূচির বিষয়ে একাধিক সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।