মানিকগঞ্জে পরকীয়া প্রেমের টানাপোড়েনে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৮ | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি

পরকীয়া প্রেমের টানাপোড়েন ও লোকলজ্জার মুখে পড়ে বন্যা (২৪) নামে দুই সন্তানের এক জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার বিকেল ৫টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর এলাকায় বাবার বাড়ির বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহত বন্যা জয়নগর এলাকার সবজালের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়নের রমনপুর এলাকার নবিনের সঙ্গে বন্যার বিয়ে হয়। তাদের সংসারে ৬ বছর বয়সী একটি ছেলে ও দুই বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। সম্প্রতি পার্শ্ববর্তী পাথরাইল গ্রামের লুৎফরের ছেলে ও পেশায় অটোরিকশাচালক আজাদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি।
গত মঙ্গলবার বন্যা তার দুই সন্তানকে স্বামীর বাড়িতে রেখে প্রেমিক আজাদের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যান। পরবর্তীতে বৃহস্পতিবার ঢাকার ধামরাই উপজেলার কালামপুর এলাকায় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা তাঁদের আটক করে। খবর পেয়ে ওই দিন বিকেলেই বন্যার বাবা-মা কালামপুর থেকে তাকে উদ্ধার করে জয়নগরে নিজ বাড়িতে নিয়ে আসেন।
বাবার বাড়িতে অবস্থানকালেই মানসিকভাবে ভেঙে পড়েন বন্যা। বুধবার বিকেলে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার পাশাপাশি অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
