৩৫ বছর পর কাউখালীতে ঝুঁকিপূর্ণ ভবনসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৫ | অনলাইন সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমিতে গড়ে ওঠা অবৈধ ও ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুবায়েত হাসান এবং সড়ক ও জনপথ বিভাগের এস মাহমুদুর রহমানের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। বুলডোজার দিয়ে প্রায় ৩৫ বছর পুরোনো একটি বাড়িসহ টিনশেড, আধাপাকা বাড়ি ও দোকানঘরসহ বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়।

সড়ক বিভাগ সূত্রে জানা যায়, গড়িয়ারপাড়-বানারীপাড়া-স্বরূপকাঠী-কাউখালী-নৈকাঠী (জেড-৮০৩৩) জেলা মহাসড়কের ৪৪তম কিলোমিটারের কচুয়াকাঠী বেইলি সেতুর উত্তর পাশে সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন জমিতে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছিল। জমিটি কচুয়াকাঠী মৌজার জে এল নং-২৪, বিএস খতিয়ান নং-৩ এবং বিএস দাগ নং-১৬৩-এর অন্তর্ভুক্ত।

সড়ক বিভাগ জানায়, সরকারি উন্নয়নমূলক কাজ এবং ওই এলাকায় পিসি গার্ডার সেতু নির্মাণের স্বার্থে জমিতে থাকা অবৈধ স্থাপনাগুলো অপসারণের উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট স্মারক নং-৩৫.০১.৭৯৪৭.৭৭৬.১৬.০০১.২২-১৩৭৫, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬ অনুযায়ী ভবনমালিককে নোটিশ দেওয়া হয়।

নোটিশে ১৪ সেপ্টেম্বরের মধ্যে স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করলে পরবর্তী সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সেগুলো অপসারণ করা হবে বলেও নোটিশে জানানো হয়।

সড়ক বিভাগ সূত্র আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনাগুলো অপসারণ না করায় বুধবার জেলা প্রশাসনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বুলডোজার ব্যবহার করে একে একে স্থাপনাগুলো ভেঙে অপসারণ করা হয়।

কর্মকর্তারা জানান, সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ এবং মহাসড়ক ও সেতু নির্মাণকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি উন্নয়ন প্রকল্পের স্বার্থে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বলেন, ভবিষ্যতে সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ ঠেকাতে নজরদারি অব্যাহত থাকবে।