ঈশ্বরদীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গুলি চেষ্টার অভিযোগ
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৩ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে ৫ নম্বর সলিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা মহির মন্ডলকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পাঠশালা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতের পর তাকে লক্ষ্য করে গুলি করারও চেষ্টা করা হয় বলে দাবি করেছেন আহত মহির মন্ডল।
মহির মন্ডল ভাড়ইমারী এলাকার মৃত নায়েব আলী মন্ডলের ছেলে। অভিযুক্ত যুবক মো. রিপন সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর এলাকার বাসিন্দা।
মহির মন্ডল জানান, বুধবার সকালে ইউপি সদস্য আক্তারুল ইসলামকে সঙ্গে নিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণ করা চাল পরিদর্শনে পাঠশালা মোড় এলাকায় যান তিনি। সেখানে আগে থেকেই অবস্থান করা রিপন তার ওপর হামলা করেন।
তিনি আরও জানান, রিপন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করেন। পরে হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেন। এ সময় তিনি দৌড়ে পাশের একটি দোকানে আশ্রয় নেন। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, সলিমপুরের প্যানেল চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে হামলার সঠিক কারণ জানানো যাবে। তবে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে চলতি বছরের ২৮ জানুয়ারি সলিমপুর ইউনিয়ন পরিষদে একটি গ্রাম্য সালিশ চলাকালে মহির মন্ডলসহ এক গ্রাম পুলিশের ওপর কয়েকজন যুবক হামলা করেছিলেন। সে সময় রিপনও ওই হামলায় জড়িত ছিলেন।
