দুর্গাপুরে ঐতিহ্যবাহী খেলার মাঠ সংস্কারের দাবি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৫ | অনলাইন সংস্করণ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

একটি খেলার মাঠ বদলে দিতে পারে একটি সমাজের চিত্র। যে মাঠে একসময় খেলতে সিরিয়াল দিতে হতো, কে আগে খেলবে তা নিয়ে প্রতিযোগিতা চলত, সেই ঐতিহ্যবাহী মাঠটি এখন সংস্কারের অভাবে পরিত্যক্ত হওয়ার পথে। মাঠের মাঝখানে সৃষ্টি হয়েছে ছোট-বড় পুকুর ও গর্ত। দীর্ঘদিন ধরে খেলাধুলা না হওয়ায় হারিয়ে যাচ্ছে মাঠটির প্রাণচাঞ্চল্য।
এমন পরিস্থিতিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী খেলার মাঠটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও জ্ঞানের উৎস পাঠাগারের প্রতিষ্ঠাতা আল রুমান হাসান ও তাঁর সহপাঠীরা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জ্ঞানের উৎস পাঠাগারের ওয়েবসাইট ও নিজের ফেসবুক পোস্টে মাঠ সংস্কারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন আল রুমান হাসান।
আবেগঘন বক্তব্যে তিনি বলেন, আশপাশের বিভিন্ন ইউনিয়ন ও উপজেলায় নিয়মিত খেলাধুলা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও চন্ডিগড় ইউনিয়ন যেন খেলাধুলা থেকে অবসর নিয়েছে। অথচ একসময় এই মাঠ ছিল তরুণদের খেলাধুলা, আনন্দ ও সামাজিক সম্প্রীতির অন্যতম কেন্দ্র।
তিনি বলেন, শিক্ষা ও খেলাধুলা ছাড়া একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব নয়। তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে একটি খেলার মাঠের কোনো বিকল্প নেই। মাঠের অভাবে নতুন প্রজন্ম খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, যা ভবিষ্যৎ সমাজের জন্য উদ্বেগের বিষয়।
টুর্নামেন্ট আয়োজন, মাঠ সংস্কারের আকাঙ্ক্ষা
জ্ঞানের উৎস পাঠাগারের পক্ষ থেকে সম্প্রতি একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা উল্লেখ করে আল রুমান হাসান বলেন, ‘আলহামদুলিল্লাহ, সুষ্ঠু ও সুন্দরভাবে খেলাটি সম্পন্ন করতে পেরেছেন।’ তবে টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে তাঁকে ব্যক্তিগতভাবে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। এ ছাড়া প্রতি মাসে পাঠাগারের ম্যাগাজিন, সংবাদপত্র, ওয়েবসাইট পরিচালনাসহ অন্যান্য খরচও তাঁকেই বহন করতে হয়।
তিনি আরও বলেন, অর্থসংকটের কারণে চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কারের জন্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এবং দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর আনুষ্ঠানিক আবেদন করতে পারছেন না। মাঠ সংস্কারের বিষয়ে একাধিকবার বড় ভাইদের পরামর্শ নিয়েছেন বলেও জানান তিনি। তবে কার্যত কোনো উদ্যোগ গ্রহণ করতে পারছেন না।
পাঠাগারপ্রেমী আল রুমান হাসান বলেন, বাধ্য হয়ে জ্ঞানের উৎস পাঠাগারের ওয়েবসাইট ও ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করছেন। তিনি ব্যারিস্টার কায়সার কামাল, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার, দুর্গাপুরের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিশেষ করে চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলীর প্রতি মাঠটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আপনারাই তো সমাজ গড়ার কারিগর। আপনাদের চোখের সামনে আমাদের ঐতিহ্যবাহী মাঠটি নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত এই মাঠের সংস্কার চাই। আমরা আমাদের আগের মতো প্রাণবন্ত খেলার মাঠ ফিরে চাই।’
স্থানীয়দের মতে, একসময় খেলোয়াড়দের পদচারণায় মুখরিত থাকা মাঠটি এখন ছোট-বড় গর্ত ও পুকুরে বেহাল দশায় পরিণত হয়েছে।
চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের মাঠটি সংস্কার করা হলে শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়বে। নিয়মিত ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া আয়োজনের মাধ্যমে এলাকায় সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতির পরিবেশ তৈরি হতে পারে। তাই মাঠটির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
