ভারতে পালানোর সময় দর্শনায় আওয়ামী লীগ নেতা খালেক গ্রেপ্তার

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০০ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

ভারতে পালিয়ে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট থেকে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেককে (৬২) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চেকপোস্টের ইমিগ্রেশন ডেস্ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এম এ খালেক মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি গাংনী বাজারপাড়ার মোজাহার আলী বিশ্বাসের ছেলে।

দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই তুহিন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে এম এ খালেক মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দেন। এ সময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম ‘স্টপলিস্টে’ দেখতে পান কর্মকর্তারা। পরে তাৎক্ষণিকভাবে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে এম এ খালেক নিজেকে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এম এ খালেকের বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা রয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় করা হয়েছে।

এর আগে ২০২৫ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় এম এ খালেককে প্রধান আসামি করা হয়। ওই মামলায় ২০২৫ সালের ২৪ অক্টোবর মেহেরপুরের গাংনী উপজেলা শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশ সূত্রের ভাষ্য, মামলার কারণে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় বৃহস্পতিবার সকালে মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

ইমিগ্রেশন পুলিশ জানায়, যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার এম এ খালেককে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট মামলায় এম এ খালেককে দুপুরে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।