দেবহাটাকে শিশুশ্রমমুক্ত ঘোষণায় প্রোগ্রেস শেয়ারিং মিটিং
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩১ | অনলাইন সংস্করণ
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

‘শিশুশ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় উপজেলাকে শিশুশ্রমমুক্ত ঘোষণার লক্ষ্যে প্রোগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় দেবহাটা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে সুশীলনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং সার্বিক বিষয়ে ব্রিফ করেন সুশীলনের ম্যানেজার মামুন হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন দেবহাটা উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফছার আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাসের ম্যানেজার আলমগীর হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সুশীলনের শিশু ফোরামের সভাপতি অনামিকা পাড়, পারুলিয়া ইউনিয়নের সুশীলনের সভাপতি লিটন ঘোষ বাপী, ইলিয়াস হোসেন এবং দেবহাটার সুশীলনের গ্রাম কমিটির সভাপতি ফিরোজ হোসেনসহ আরও অনেকে।
সভায় জানানো হয়, দেবহাটা উপজেলায় প্রাথমিকভাবে মোট ৮৭ জন শিশু শিশুশ্রমের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে তথ্য পাওয়া যায়। তাদের মধ্যে বেশিরভাগ শিশুর পরিবারকে আর্থিক ও বিভিন্নভাবে সহযোগিতা প্রদানের মাধ্যমে শিশুদের স্কুলে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেবহাটা উপজেলাকে শিশুশ্রমমুক্ত করা সম্ভব। কোনো কাজই একা বা একটি প্রতিষ্ঠানের মাধ্যমে করা সম্ভব নয়। এজন্য যার যার অবস্থান থেকে এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে।
