বিদ্যুৎ চুরি রোধে সিদ্ধিরগঞ্জে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৪ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিদ্যুৎ চুরি রোধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও ডিপিডিসি। অভিযানে অতিরিক্ত লোড ব্যবহার, বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগের অপরাধে ছয়টি অটোরিকশার গ্যারেজ মালিককে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
রোববার দিবাগত রাত ৯টা থেকে রাত দেড়টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, সিআইখোলা এলাকায় জসিম উদ্দিনের অটোরিকশার গ্যারেজে অতিরিক্ত লোড ব্যবহার এবং পার্শ্ববর্তী আরেকটি গ্যারেজে মিটার ছাড়া অবৈধ সংযোগ দেওয়ার অপরাধে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে অবৈধ সংযোগ নেওয়া পার্শ্ববর্তী গ্যারেজটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
একই রাতে বাতানপাড়া এলাকায় একই অভিযোগে অটোরিকশা গ্যারেজের মালিক রাজাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মজিবুর রহমানের গ্যারেজে বিদ্যুৎ চুরি ও অতিরিক্ত লোড ব্যবহারের প্রমাণ মেলায় নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় শাকিলের তিনটি অটো গ্যারেজে অতিরিক্ত লোড ব্যবহারের দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ জানান, বিদ্যুৎ আইনের ৩৮ ধারায় এ অভিযান পরিচালিত হয়েছে। বিদ্যুৎ চুরি রোধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ (এনওসিএস) কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান, সহকারী প্রকৌশলী মো. রাহুল, উপসহকারী প্রকৌশলী মো. সানোয়ার হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. অলিউল্ল্যাহ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
