নোয়াখালীর চৌমুহনীকে কিশোর গ্যাং ও দখলদারমুক্ত করার ঘোষণা বুলুর

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:০২ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও দখলদারমুক্ত পৌরসভা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু।

তিনি বলেন, চৌমুহনী পৌরসভাকে সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও দখলদারমুক্ত করতে কাজ করা হবে। পাশাপাশি পৌরবাসীর প্রয়োজন অনুযায়ী উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ারও আশ্বাস দেন তিনি।

বৃহস্পতিবার দিনব্যাপী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভার বিভিন্ন এলাকায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ১২টি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরকত উল্যাহ বুলু।

তিনি আরও বলেন, উন্নয়নের পাশাপাশি এলাকার মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা জরুরি। জনগণের প্রত্যাশা অনুযায়ী চৌমুহনী পৌরসভার বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

চৌমুহনী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সামীমা বরকত লাকী, জেলা এলজিআরডি নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ পদ, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, কামাক্ষ্য চন্দ্র দাস, পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, মাহফুজুল হক আবেদ, নাজমুল গনি মান্না, আহসান উল্যাহ, রুস্তম আলী, তীবরীজ স্বপন, জিরতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বাবুল, রাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পাঞ্জাবি হারুন, মহিন, নজরুল, ফারুক ও রুবেলসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।