শিক্ষা ও পরিবেশ উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪১ | অনলাইন সংস্করণ

  পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে মহিলা কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) সচিব পদমর্যাদার রাশেদ খান।

শুক্রবার দুপুরের আগে পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সভাপতি, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমানসহ শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান বলেন, শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর ও সবুজ রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যার ওপরও গুরুত্ব দিতে হবে। এ সময় প্রধান অতিথি কলেজটির শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

পরে রাশেদ খান পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন পরিদর্শন করেন।

সর্বশেষে বিকেলে তিনি পীরগঞ্জের আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম জামতলা মাদ্রাসা পরিদর্শন করেন। সেখানে মাদ্রাসার পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

এসব কর্মসূচিতে রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।