শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়া হয়েছিল: প্রতিমন্ত্রী টুকু

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:১১ | অনলাইন সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেই শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করতে বর্তমান সরকার নতুনভাবে ‘নতুন কুঁড়ি’ চালু করেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৮ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের সংবর্ধনা আয়োজন শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আরও উৎসাহিত করবে। পাশাপাশি তাদের নিয়মিত ক্লাসমুখী করতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, টাঙ্গাইলকে চাঁদাবাজমুক্ত, কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রিজুয়ান সিদ্দিকীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।