গণভোটের রায় উপেক্ষা করে সরকার দেশ চালাচ্ছে: এটিএম আজহার

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪১ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

বিরোধীদলীয় জোটকে আন্দোলনে যেতে সরকারই বাধ্য করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেন, তারা কখনোই আন্দোলন করতে চাননি; সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। কিন্তু সরকার এতে কোনো আগ্রহ দেখায়নি।

শুক্রবার বিকেলে রংপুর মহানগর জামায়াত কার্যালয়ে ১৯ সেপ্টেম্বর শনিবার ঢাকা থেকে রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে ১১ দলীয় জোট আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চের কর্মসূচি আগে থেকেই ঘোষণা করা হয়েছে।

এ টি এম আজহারুল ইসলাম বলেন, জনগণের দাবি-দাওয়া মেনে না নেওয়ার কারণে তারা ৯ দফা দাবিতে ১১ দলীয় জোটের লংমার্চ শুরু করেছেন। ইতোমধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চে জনগণের ব্যাপক সাড়া পাওয়া গেছে। এত কিছু জানার পরও সরকার দাবিগুলো নিয়ে আলোচনার দিকে এগোচ্ছে না।

জুলাইয়ের গণভোটের রায় প্রসঙ্গে তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোট করা হয়েছিল। এমপি নির্বাচিত হওয়ার পর তারা সবাই গণভোটের রায় বাস্তবায়নের শর্তে শপথ নিয়েছিলেন। কিন্তু সরকারি দলের এমপিরা সেই রায় উপেক্ষা করে নিজেদের মতো করে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনার পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

এ টি এম আজহারুল ইসলাম আরও বলেন, সরকার জুলাই গণহত্যার বিচারের কথা মুখে বললেও বাস্তবে নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত।

বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে তিনি বলেন, সারাদেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। কৃষকরা সার না পেয়ে বিক্ষোভ করছেন। অথচ সরকার সিন্ডিকেটের পকেট ভারী করতে ব্যস্ত। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও চাঁদাবাজি রোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হলেও সরকার তা আমলে নেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দলীয়করণের বিষয়ে এ টি এম আজহার বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। ফ্যাসিস্ট সরকারের পথ ধরে বর্তমান সরকারও যদি নজিরবিহীন দলীয়করণ শুরু করে, তবে ছাত্র-জনতা তাদেরও একই পরিণতি বরণ করাবে বলে মন্তব্য করেন তিনি।

এ ছাড়া উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন থেকে সরকার কেন পিছু হটছে, তা নিয়েও জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের ৯ নম্বর দাবি প্রসঙ্গে এ টি এম আজহারুল ইসলাম বলেন, সম্পত্তি হস্তান্তর আইনে কোরআন-সুন্নাহবিরোধী নানা বিষয় থাকায় এ দেশের মানুষ তা মেনে নেবে না। তারা বারবার এটি সংশোধনের আহ্বান জানালেও সরকার ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে তড়িঘড়ি করে তা বাস্তবায়ন করেছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, সংবিধান জনগণের জন্য, জনগণের রায়ই চূড়ান্ত।

মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও উত্তরাঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী, জেলা এনসিপির আহ্বায়ক আল মামুনসহ ১১ দলীয় জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।