সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালে স্বজনদের ভাঙচুর
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০২ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর শিউলী (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার উত্তর সারুটিয়া গ্রামের মাহিম শেখের স্ত্রী। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন।
একই সঙ্গে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিউলীকে শহরের পুরাতন কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে তার সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের পর তার বুকে ব্যথা শুরু হলে বিষয়টি চিকিৎসককে জানানো হয়।
এরপর ওইদিন সন্ধ্যায় তাকে আবার অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং দ্বিতীয় দফায় অপারেশন করা হয়।
স্বজনদের অভিযোগ, দ্বিতীয়বার অপারেশনের বিষয়ে তাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। দ্বিতীয় অপারেশনের পর শিউলীকে অপারেশন থিয়েটারে রাখা হয়। পরে গভীর রাতে তাকে বেডে দেওয়া হলেও তখনও তার জ্ঞান ফেরেনি।
এ অবস্থায় তাকে বগুড়ায় নেওয়ার পরামর্শ দেওয়া হলে স্বজনরা শিউলীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিউলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজনরা ওই হাসপাতালে ভাঙচুর করেন। এ সময় হাসপাতালপাড়ায় আহাজারির সৃষ্টি হয়। একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ প্রধান ফটকে তালা দিয়ে চলে যান।
এ ঘটনায় নিহতের ভাই পান্না শেখ বাদী হয়ে হাসপাতালের পরিচালক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেছেন।
