দামুড়হুদায় ৩ গ্রাম গাঁজাসহ যুবক, ৩ মাসের কারাদণ্ড
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৫ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৩ গ্রাম গাঁজাসহ নাজমুল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। পরে তাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তাকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন দামুড়হুদা পুরাতন বাজারপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এসআই মাহবুল হক বিশেষ অভিযান পরিচালনা করছিলেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দামুড়হুদা থানাধীন খানপাড়া গ্রামের বটতলা এলাকায় কুলসুমের চায়ের দোকানের সামনে রাস্তার ওপর একজন ব্যক্তি গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে নাজমুল হোসেনকে আটক করা হয়।
পুলিশ উপস্থিত সাক্ষীদের সামনে নাজমুল হোসেনের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা কাগজে মোড়ানো ৩ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে গাঁজা জব্দ করে তাকে থানায় নিয়ে যায় পুলিশ।
পরবর্তীতে নাজমুল হোসেনকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে উপস্থাপন করা হয়। আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করে গতকালই চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
