রাত জেগে নগর পরিচ্ছন্ন রাখছেন চসিকের পরিচ্ছন্নতাকর্মীরা

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

দিনের ব্যস্ততা শেষে যখন নগরবাসী ঘরে ফিরছেন, তখনও থেমে নেই চট্টগ্রাম নগরীর পরিচ্ছন্নতার কাজ। নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে দিনের পাশাপাশি রাতেও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

রাতে যানবাহন ও পথচারীর চাপ তুলনামূলক কম থাকায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যাচ্ছেন চসিকের পরিচ্ছন্নতাকর্মীরা। রাতের নীরবতায় তারা সড়ক ও ফুটপাত ঝাড়ু দেওয়া, ময়লা-আবর্জনা অপসারণ এবং নির্ধারিত স্থানে বর্জ্য পরিবহনের কাজে ব্যস্ত থাকেন।

পরিচ্ছন্নতাকর্মীদের নিয়মিত শ্রম ও পরিশ্রমে প্রতিদিন নতুন করে পরিচ্ছন্ন হয়ে উঠছে নগরীর বিভিন্ন সড়ক ও জনসমাগমস্থল। নগরবাসীর দৈনন্দিন জীবনের আড়ালে থাকা এই শ্রম নগর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নগর যখন ঘুমিয়ে পড়ে, তখনও দায়িত্ব পালন করে চলেন এসব পরিচ্ছন্নতাকর্মী। তাদের পরিশ্রমের ফলে প্রতিদিন সকালে নগরবাসী পরিচ্ছন্ন পরিবেশে চলাচলের সুযোগ পান।

নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি নগরবাসীর সচেতন অংশগ্রহণও জরুরি। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং পরিচ্ছন্নতাকর্মীদের কাজে সহযোগিতা করার মাধ্যমে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ায় নগরবাসীও ভূমিকা রাখতে পারেন।

রাতের অন্ধকারে নীরবে কাজ করে যাওয়া এসব পরিচ্ছন্নতাকর্মীর শ্রমেই প্রতিদিন সকালে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে জেগে ওঠে চট্টগ্রাম নগরী।