দিনাজপুরে শিক্ষার্থীদের সৃজনশীলতায় দেয়ালিকা ও বিজ্ঞান মেলা
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৪ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলে দেয়ালিকা উন্মোচন ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ষষ্টিতলাস্থ স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দেয়ালিকা উন্মোচন ও বিজ্ঞান মেলার উদ্বোধন করেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান।
দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক মো. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. উচ্ছাস আলী, পরিচালনা পরিষদের সদস্য শাহনেওয়াজ, আজগার আলী ও রিপনসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. লুৎফর রহমান বলেন, ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর বিশ্ব গড়ে তুলতে এ ধরনের বিজ্ঞান মেলা ও সৃজনশীল চর্চা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞান শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ কোনো বিষয় নয়; এটি আমাদের চারপাশকে জানা, বোঝা এবং নতুন কিছু আবিষ্কারের অদম্য যাত্রা।
বিদ্যালয়ের পরিচালক মো. মাহমুদ হোসেন বলেন, শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও শ্রম দিয়ে যে দেয়ালিকা তৈরি করেছে এবং বিজ্ঞান মেলায় যেসব উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এসব ছোট উদ্যোগ প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে তরুণরাই ভবিষ্যতের জটিল বিশ্বকে নতুন প্রযুক্তির আলো দেখাতে পারবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বরচিত কবিতা, ছড়া, গল্প, চিত্রকর্ম ও সচেতনতামূলক নিবন্ধে সাজানো বর্ণিল দেয়ালিকার উন্মোচন করা হয়। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার এই প্রকাশ উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
বিজ্ঞান মেলার বিভিন্ন স্টলে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। এসব প্রকল্পের মধ্যে ছিল নবায়নযোগ্য শক্তি, পরিবেশ সংরক্ষণ, আধুনিক ও সবুজ নগর পরিকল্পনা, রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা বিষয়।
প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তারা শিক্ষার্থীদের প্রদর্শিত প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে জানেন এবং তাদের উদ্ভাবনী চিন্তাভাবনার প্রশংসা করেন।
এ ছাড়া অনুষ্ঠানে দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
