৭ দফা দাবিতে রংপুরে দলিল লেখকদের মানববন্ধন-বিক্ষোভ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৩ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর দলিল লেখক সমিতির ৭ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রংপুর জেলা ও সদর দলিল লেখক সমিতির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল লেখা বা মুসাবিদা করতে না দেওয়া এবং দলিল লেখকদের জন্য সরকারি খরচে বসার ও নামাজের স্থান নির্মাণসহ সাত দফা দাবি জানানো হয়।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—পক্ষগণের সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয় বিধায় পেশাগত কারণে দলিল লেখক বা মুসাবিদাকারী হিসেবে তাদের আসামি করা যাবে না মর্মে ব্যবস্থা গ্রহণ; দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স না দেওয়া; এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়া।

কর্মসূচির শুরুতে নগরীর দলিল লেখক সমিতির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জিলা স্কুল, জেলা প্রশাসকের কার্যালয়, টাউন হল, সিটি করপোরেশনের সামনে দিয়ে পায়রা চত্বর ও জাহাজ কোম্পানি মোড় হয়ে রংপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা দলিল লেখক সমিতির সভাপতি কাজী মো. ওবায়দুল হক, জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইবনে হোসাইন সিলু, সদর দলিল লেখক সমিতির সভাপতি মো. সরোয়ার আযাদ, জেলার সাংগঠনিক সম্পাদক নাসিরুল রইসলাম সিজুসহ অন্যরা। জেলা কমিটির সিনিয়র সদস্য মুশফিকুর রহমান দুরন্ত সভাপতির বক্তব্য রাখেন।

বিক্ষোভ সমাবেশে রংপুর জেলার আট উপজেলার দলিল লেখকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা দলিল লেখকদের সাত দফা দাবি তুলে ধরে তা বাস্তবায়নে আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি তারা বলেন, দলিল লেখকরা অন্য কোনো মন্ত্রণালয়ে যেতে রাজি নন। সাত দফা দাবি আদায়ে দলিল লেখকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। অনতিবিলম্বে সাত দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবিগুলো আদায় করা হবে।’