সিরাজগঞ্জে বাসের ধাক্কায় ট্রাকের দুই হেলপার নিহত
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

যমুনা সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় দুই হেলপার নিহত হয়েছেন। নিহতরা হলেন—দিনাজপুর সদর উপজেলার গুড়গোলা প্রাণনাথপুর এলাকার আপন ইসলাম (২৬) ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ সদরের আসলাম (৪০)।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আলোকিত বাংলাদেশকে তিনি জানান, শুক্রবার গভীর রাতে তালুকদার বাজার এলাকায় মহাসড়কের পাশে একটি বিকল ট্রাক দাঁড় করিয়ে মেরামতের কাজ করা হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ওই ট্রাকটিকে ধাক্কা দেয়।
এতে ট্রাক মেরামতের কাজে নিয়োজিত দুই হেলপার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় শনিবার বিকেলে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
