সিরাজগঞ্জে ভেজাল তেল কারখানায় অভিযান, অর্ধলাখ টাকা জরিমানা

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১০ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামে ভেজাল ভোজ্যতেল তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানা মালিককে অর্ধলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বৈধ নথিপত্র দেখাতে না পারায় কারখানাটি সিলগালা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাশে একটি ঘর তুলে দীর্ঘদিন ধরে চোরাই জ্বালানি তেল ও ক্ষতিকারক রাসায়নিক উপাদান মিশিয়ে ভোজ্যতেল উৎপাদন ও প্রক্রিয়াজাত করে আসছিল একটি চক্র।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভেজাল তেল তৈরির কারখানার মালিক রকি মৃধাকে আটক করা হয়।

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রকি মৃধাকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তেল উৎপাদন কারখানার বৈধ নথিপত্র দেখাতে না পারায় সেটি সিলগালা করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম। অভিযানে শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।