মানিকগঞ্জে ঘর থেকে প্রবাসী, স্ত্রী ও শিশুর মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৪ | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলার বারাহী জান্নাকান্দি গ্রামে একই ঘর থেকে এক প্রবাসী, তার স্ত্রী ও দেড় বছরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় স্বজনদের। পরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তারা ঘরে প্রবেশ করেন।
এ সময় খাটের ওপর স্ত্রী ও শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। আর ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় প্রবাসীর মরদেহ।
নিহতরা হলেন প্রবাসী আকরাম হোসেন (৪০), তার স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার (২৫) ও তাদের দেড় বছরের মেয়ে আলিজা নূর।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ থাকায় তাদের সন্দেহ হয়। পরে ঘরে প্রবেশ করে তিনজনের মরদেহ দেখতে পান তারা।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শিশুকে হত্যার পর আকরাম আত্মহত্যা করে থাকতে পারেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন জানান, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
