দর্শনায় গাড়িতে তল্লাশি, ৩৫ পিস স্ক্যাফ সিরাপ উদ্ধার
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৪ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া এলাকায় একটি সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৫ পিস স্ক্যাফ সিরাপ উদ্ধার করেছে স্থানীয় মাদকবিরোধী যুব সমাজ। তবে অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে কথিত মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে আকন্দবাড়িয়া এলাকায় একটি গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে মাদকবিরোধী যুব সমাজের সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় গাড়ির ভেতরে থাকা একটি ব্যাগ থেকে ৩৫ পিস নিষিদ্ধ স্ক্যাফ সিরাপ উদ্ধার করা হয়।
তল্লাশির বিষয়টি টের পেয়ে গাড়ির চালক বা গাড়িতে থাকা কথিত মাদক ব্যবসায়ী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
এলাকাবাসী জানান, সীমান্তবর্তী এলাকা হওয়ায় আকন্দবাড়িয়াসহ দর্শনার বিভিন্ন রুটে মাদক চোরাকারবারিদের তৎপরতা রোধে তরুণরা দীর্ঘদিন ধরে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। অভিযানে উদ্ধার করা মাদক থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে দর্শনা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
