দলের বাইরে স্থানীয় নির্বাচনে প্রার্থী হলে ব্যবস্থা: রাশেদ খান
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৫ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আসন্ন স্থানীয় নির্বাচনে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, দলের হাইকমান্ডের নির্দেশনা রয়েছে—কেউ দলের মতের বাইরে গিয়ে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন না। দলীয় সিদ্ধান্ত মেনে একক প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রংপুর সার্কিট হাউসে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলার বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, “রংপুরে বিএনপির একটি প্রার্থীও জয়লাভ করতে পারেনি, এটা আপনাদের দোষ নয়। এই দোষ অন্তর্বর্তীকালীন সরকারের।” তিনি আরও দাবি করেন, রংপুরে ইউএনও ও ডিসিদের আচরণ জামায়াতসুলভ ছিল। নির্বাচন নিয়ে জামায়াতের পক্ষ থেকে ‘মেকানিজম’ করার যে অভিযোগ করা হচ্ছে, সেটিই এর ফল বলে মন্তব্য করেন তিনি।
জামায়াতের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, “লং মার্চ নয়, লং ড্রাইভ করতে করতে রংপুরে আসবেন। এখানে তারা আনন্দ করতে করতে আসবে। আপনারা লক্ষ্য করেছেন, তারা হই-হই করতে করতে চট্টগ্রামের লং মার্চে গিয়েছিলেন।”
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে রাশেদ খান বলেন, জামায়াত কোনো উসকানিমূলক বক্তব্য দিলেও কেউ যেন তাদের সঙ্গে ঝামেলায় না জড়ান। এ বিষয়ে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে দল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় তিনি নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্ত মেনে চলার অঙ্গীকার করান এবং দলীয় একক প্রার্থীকে সবাই মিলে জয়ী করে বিএনপিকে রংপুরে শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব পরিতোষ চক্রবর্তী।
সভায় অধ্যাপক আজিজুল ইসলাম (বদরগঞ্জ), গোলাম রসুল বকুল (বদরগঞ্জ), মাহাবুব উন নবী পলাশ চৌধুরী (পীরগঞ্জ), আমিনুল ইসলাম রাঙ্গা (পীরগাছা), আইয়ুব আলী (গঙ্গাচড়া), রাকিবুল ইসলাম পলাশ, মোসাদ্দেক হোসেন বাবলু (মিঠাপুকুর), সিরাজুল ইসলাম (তারাগঞ্জ), মোনায়েম ফারুক (হারাগাছ), রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, জেলা মহিলা দলের মমতাজ বেগম রানী, স্বেচ্ছাসেবক দলের নেতা জোনায়েত চৌধুরী, সাদেকুল ইসলাম সাদেক, কৃষক দলের দুলু, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান মিলু, ওলামা দলের এনামুল হক মাজেদী, মৎস্যজীবী দলের প্রতিনিধি মো. মোজাম্মেল হক, ফজলে এলাহীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
