জামায়াত নেতাকে কুপিয়ে জখম

সিরাজগঞ্জে বিএনপির ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ

সিরাজগেঞ্জে ১১ দলীয় জোটের লং মার্চ শেষে বাড়ি ফেরার পথে জামায়াত নেতা আব্দুস সবুরকে মারপিট ও কুপিয়ে জখমের ঘটনায় বিএনপির ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ মামলায় অভিযূক্তদের গ্রেফতারে ইতিমধ্যেই অভিযান শুরু হয়েছে। সদর থানার ওসি রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, শনিবার দুপুরে ১১ দলীয় ঐক্যের ঢাকা টু রংপুর লংমার্চের গাড়ীবহরকে অভ্যর্থনা জানাতে সয়দাবাদ এলাকায় জামায়াতের নেতাকর্মীরা অবস্থান করছিল।

লংমার্চ চলে যাওয়ার পর ওনারা যার যার বাড়ি চলে যাচ্ছিলেন। এ সময় কিছু সংখ্যক সন্ত্রাসী জামায়াত নেতা আব্দুস সবুরের ওপর হামলা চালায় এবং তাকে কুপিয়ে জখম করা হয়। এছাড়াও নুরনবী নামে অপর এক জামায়াত নেতাকেও মারপিট করা হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুস সবুরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ওইদিন রাতে ওই জামায়াত নেতার স্ত্রী শোহর ভানু বাদী হয়ে বিএনপি নেতা রফিকুল ইসলাম সরকারসহ ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে ২১ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অভিযূক্তদের গ্রেফতারে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।