ঢাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে  ‎রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ‎

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৪ | অনলাইন সংস্করণ

  ‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

‎নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুব লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদ ও কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্যের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভুলতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

‎২০ সেপ্টেম্বর রোববার  দুপুরে উপজেলার ভুলতা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি ভুলতা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে গোলাকান্দাইল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন রূপগঞ্জ থানা বিএনপির সহসভাপতি ও ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূইয়া, রূপগঞ্জ থানা বিএনপির সহসভাপতি আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, রূপগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

‎সমাবেশে বক্তারা বলেন, রূপগঞ্জের মাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো ধরনের নৈরাজ্য বা জ্বালাও-পোড়াও করতে দেওয়া হবে না। কোথাও এমন কর্মকাণ্ডের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
‎বক্তারা আরও বলেন, ২০ সেপ্টেম্বর আওয়ামী যুব লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গাড়িতে অগ্নিসংযোগসহ নৈরাজ্যের ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।