শ্বশুরবাড়িতে চুরি করতে এসে আটক জামাই, ধস্তাধস্তিতে শ্বশুরের মৃত্যু
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২০:১১ | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে শ্বশুরবাড়িতে অটোরিকশার চার্জার চুরি করতে গিয়ে আটক হয়েছেন রাসেল (২৫) নামের এক যুবক। তাকে আটকানোর সময় শ্বশুর সিদ্দিকুর রহমানের (৪৫) সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে রাসেলের লাথি ও আঘাতে তিনি গুরুতর আহত হয়ে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার দিবাগত রাত ২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান ওই গ্রামের মৃত রূপচানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো অটোরিকশা চালিয়ে বাড়িতে ফিরে সেটি চার্জে দিয়ে ঘুমাতে যান সিদ্দিকুর। রাত ১টার দিকে অটোরিকশা রাখার স্থান থেকে শব্দ শুনে তিনি ও তার ছেলে ঘর থেকে বের হন। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করা একজনকে হাতেনাতে আটক করেন তারা। পরে তাকে সিদ্দিকুরের জামাই রাসেল বলে শনাক্ত করা হয়।
রাসেলকে আটকানোর চেষ্টা করলে শ্বশুরের সঙ্গে তার ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে রাসেলের আঘাতে সিদ্দিকুর গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা রাসেলকে মারধর করে পুলিশে সোপর্দ করেন।
নিহতের মেয়ে আশা আক্তার বলেন, ‘আমার স্বামী নেশাগ্রস্ত। নানা বিরোধের কারণে দুই মাস ধরে বাবার বাড়িতে আছি। বাবার এই মৃত্যুর ঘটনায় স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
নিহতের ভাই ইদ্রিস আলী বলেন, মূল গেট বন্ধ থাকায় অটোরিকশা ও ব্যাটারি নিতে না পেরে রাসেল চার্জারটি চুরি করার চেষ্টা করছিলেন। ধস্তাধস্তির সময় রাসেলের লাথি তার ভাইয়ের অণ্ডকোষে লাগে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় শাওন নামের আরও একজন জড়িত থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
