মাদক ও পরোয়ানাভুক্ত আসামিসহ রংপুরে গ্রেফতার ৮২

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫১ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন, মামলার আসামিদের গ্রেফতার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে রংপুর রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে বিভিন্ন মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িতসহ মোট ৮২ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

সোমবার বিকেলে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের মিডিয়া সেল থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও লালমনিরহাট জেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশ পৃথক অভিযানে মোট ১৫ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে মাদকবিরোধী অভিযানে ৬ পিস ইয়াবাসহ একজন এবং শূন্য দশমিক ৫০ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য আসামিসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

গাইবান্ধা জেলা পুলিশের অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গাইবান্ধা সদর ও পলাশবাড়ী থানা এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ গ্রাম হেরোইন ও ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক ব্যবসা ও মাদক সেবনের অভিযোগে গ্রেফতার চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান ও সম্পন্ন হয়েছে।

নীলফামারী জেলার বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে নিয়মিত মামলা, পূর্বের মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা পুলিশ পৃথক অভিযানে বিভিন্ন মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেফতার করেছে। রাণীশংকৈল থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া পৃথক অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

পঞ্চগড় সদর, দেবীগঞ্জ, বোদা, তেঁতুলিয়া ও আটোয়ারী থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি, মাদক মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

লালমনিরহাট জেলার বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত, পূর্বের মামলার আসামি ও নিয়মিত মামলার আসামিসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ অপরাধ দমনে জেলা পুলিশগুলোকে গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি, মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন এবং অপরাধ সংঘটনের আগেই সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

তাঁর নির্দেশনায় রংপুর রেঞ্জের আওতাধীন জেলা পুলিশগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম, তথ্য আদান-প্রদান, নিয়মিত মনিটরিং এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কার্যক্রম অব্যাহত রয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করা, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর রেঞ্জ পুলিশের এ ধরনের সমন্বিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।