রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৮ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুর নগরীর কোতয়ালী থানার স্টেশন রোডের (চারতলা মোড়) শাপলা চত্বর ও সিটি বাজার এলাকায় তদারকি অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২১ সেপ্টেম্বর) প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শাপলা চত্বর এলাকার একটি ফিলিং স্টেশনে পরিমাপে কারচুপির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে সিটি বাজার এলাকার মামা-ভাগ্নে আড়ৎকে মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং ক্রেতাকে ভাউচার না দেওয়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরোপ করা মোট ৫০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
তদারকি অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া রংপুর বিভাগীয় কার্যালয়ের বিএসটিআই পরিদর্শক ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩) সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
