শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০০ | অনলাইন সংস্করণ

  হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ৫৫ কেজি গাঁজাসহ মো. রুবেল মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গ্রেফতার রুবেল মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

সোমবার রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এসআরবি সূত্র জানায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ থানা মোড়ে অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মাধবপুর এলাকা থেকে কয়েকজন ব্যক্তি একটি পিকআপে করে মাদকদ্রব্য নিয়ে সিলেটের দিকে যাচ্ছে।

এ সংবাদের ভিত্তিতে এসআরবির দলটি শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর রেলক্রসিংয়ের পাশে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে একটি পিকআপকে থামার সংকেত দেওয়া হলে এসআরবির উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে পিকআপের বডিতে থাকা তিনটি বস্তার ভেতর থেকে নীল রঙের পলিথিনে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজাসহ পিকআপটি জব্দ এবং মো. রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দ করা আলামতসহ গ্রেফতার রুবেল মিয়াকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।