ঈশ্বরদীতে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৮ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে বাসের চাপায় আনোয়ার হোসেন (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে। তিনি ব্র্যাকের প্রোগ্রামার হিসেবে দাশুড়িয়া শাখায় কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া বাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, সকালে মোটরসাইকেলে করে মাঠপর্যায়ে কাজের উদ্দেশ্যে বের হন আনোয়ার হোসেন। ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় পৌঁছালে একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের নিচে চাপা পড়েন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।