ফরিদপুরে এক সপ্তাহে দুই দফা উচ্ছেদ অভিযান

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২২:০০ | অনলাইন সংস্করণ

  ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সরকারি জমি, পৌরসভার জায়গা ও ফুটপাত দখলমুক্ত করতে এক সপ্তাহের ব্যবধানে দুই দফা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

সর্বশেষ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শহরের গোয়ালচামট এলাকার হাজরাতলায় পৌরসভার প্রায় ২৫ শতাংশ জমি দখলমুক্ত করা হয়।

এ সময় ওই জমিতে গড়ে ওঠা একটি ব্যবসা প্রতিষ্ঠান এসকেভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর পৌরসভার উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। পৌর কর্তৃপক্ষের দাবি, স্থানীয় বাসিন্দা কবির চৌধুরী দীর্ঘদিন ধরে পৌরসভার ওই জমি অবৈধভাবে দখলে রেখে ব্যবহার করে আসছিলেন। পরে অভিযান চালিয়ে সেখানে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানটি উচ্ছেদ করা হয় এবং জমিটি দখলমুক্ত করা হয়।

অভিযানে ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. হাই জকী, ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, পৌরসভার সমাজ উন্নয়ন বিষয়ক কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শরিফুল হাসান, উপসহকারী প্রকৌশলী (সিভিল) লাইজিং হোসেন রাজু, হিসাবরক্ষক কৃষ্ণ কুমার সাহা ও কনজারভেনসি পরিদর্শক বিকাশ দত্তসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, পৌরসভার জায়গা অবৈধ দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর জেলা প্রশাসন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং ফরিদপুর পৌরসভার উদ্যোগে সরকারি জমি, হাসপাতাল এলাকা ও ফুটপাত দখলমুক্ত করতে দিনব্যাপী পৃথক অভিযান পরিচালনা করা হয়।

ওইদিন সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) শাকিব রহমান আকাশের নেতৃত্বে এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের সমন্বয়ে সওজের সরকারি জমি ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়।

সকাল সোয়া ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজের সামনে থেকে ভাঙ্গা-ফরিদপুর (গোয়ালচামট) সড়কের নদী গবেষণা ইনস্টিটিউট এলাকা হয়ে ভাঙ্গা সড়কের মোড় পর্যন্ত সওজের আওতাধীন এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় হাসপাতাল চত্বরের অস্থায়ী দোকানপাট ও সওজের জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

একই দিন বিকেলে ফরিদপুর পৌরসভার উদ্যোগে সুপার মার্কেট, চকবাজার, নিউমার্কেটসংলগ্ন এলাকা, ময়রা পট্টি ও মুজিব সড়কসহ বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। এ সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী ও অবৈধ স্থাপনা সরিয়ে পথচারীদের চলাচলের জায়গা উন্মুক্ত করা হয়।

সংশ্লিষ্টরা জানান, সরকারি ও পৌরসভার জমি এবং ফুটপাত অবৈধভাবে দখল হয়ে যাওয়ায় জনসাধারণের চলাচলে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। তবে উচ্ছেদের পর দখলমুক্ত জায়গাগুলোতে নিয়মিত নজরদারি না থাকলে সেগুলো পুনরায় দখলের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।