জীবননগরে ৫ দিন পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২২:১২ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর মামুন হোসেন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উথলী ডিগ্রি কলেজ সংলগ্ন পুকুরপাড়ের একটি আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মামুন হোসেন উপজেলার উথলী আখ সেন্টারপাড়া গ্রামের আনসার আলীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উথলী ডিগ্রি কলেজ সংলগ্ন পুকুরপাড়ের একটি আমগাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মামুনের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জীবননগর থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত মামুনের বাবা আনসার আলী জানান, গত বৃহস্পতিবার দুপুরে তার ছেলে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি আমগাছে ছেলের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তিনি আরও জানান, মামুন হোসেন ট্রাকচালক ছিলেন। প্রায় দুই বছর আগে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।