সাটুরিয়ায় চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪ | অনলাইন সংস্করণ

  সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। বন্ধ রাস্তা খুলে দেওয়ার দাবিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, হড়গজ নদীর উত্তরপাড়া এলাকার অবসরপ্রাপ্ত কর্নেল মো. সলিমুল্লাহর ছেলে মো. ছাদিক হোসেন সরকারি চাকরির প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচলের রাস্তাটি সম্পূর্ণ বন্ধ করে রেখেছেন বলে অভিযোগ স্থানীয়দের। এ নিয়ে কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মারধর করার অভিযোগও করেছেন এলাকাবাসী।

রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন ওই এলাকার ভুক্তভোগী মো. বাচ্চু (৬০) ও আনসার আলীর (৬৫) পরিবারসহ আরও ১০ থেকে ১৫টি পরিবারের সদস্যরা। গত ৪-৫ দিন ধরে গৃহপালিত পশুসহ এসব পরিবারের মানুষ অনেকটা গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। অবরুদ্ধ পরিবারগুলোর মধ্যে দুইজন গর্ভবতী নারী রয়েছেন। জরুরি চিকিৎসার প্রয়োজন হলেও তারা বাইরে যেতে পারছেন না বলে জানান ভুক্তভোগীরা।

রাস্তা বন্ধ ও দখলের অভিযোগের প্রতিবাদে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পরে ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন এবং অবিলম্বে বন্ধ রাস্তা খুলে দেওয়ার দাবি জানান।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, সরকারি ক্ষমতার অপব্যবহার করে তাদের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। টানা কয়েকদিন ধরে তারা ও তাদের গবাদিপশু অবরুদ্ধ অবস্থায় মানবিক সংকটের মধ্যে রয়েছেন।

এলাকাবাসীর দাবি, অবৈধ বাঁশের বেড়া অপসারণ করে দ্রুত যাতায়াতের পথ উন্মুক্ত করতে উপজেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।