মোহাম্মদপুর থেকে রুহী গ্রেপ্তার, দুর্গাপুরে বিএনপির আনন্দ মিছিল

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:০০ | অনলাইন সংস্করণ

  দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহীকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর নেত্রকোনার দুর্গাপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ও তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইকবাল রোডের ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়। পরে সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মোস্তাক আহমেদ রুহী ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, রুহীর গ্রেপ্তারের খবর দুর্গাপুরে পৌঁছালে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। পরে তারা শহরে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহীর গ্রেপ্তারের খবরে তারা আনন্দিত। এ ঘটনাকে কেন্দ্র করে মিছিলের মাধ্যমে তারা নিজেদের প্রতিক্রিয়া জানান।