রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪ | অনলাইন সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা খাতুন (৩০) হত্যা মামলায় প্রধান আসামি মিলন শেখকে (১৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী বিশেষ জেলা ও দায়রা জজ আদালত ও পারিবারিক আপিল আদালতের বিচারক মো. ইউসুফ হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মিলন শেখ আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মিলন পাংশা উপজেলার খামারডাঙ্গী মুচিদাহ গ্রামের খলিল শেখের ছেলে।
মামলার অপর দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার নারী ও শিশু আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৯ আগস্ট দিবাগত রাতে কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুনকে হত্যা করা হয়। ওই ঘটনায় পুলিশ তার বাড়ির উঠান থেকে পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘদিন মামলার শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আইয়ুব আলী খান বলেন, দীর্ঘদিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে প্রধান আসামি মিলন শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মামলার অপর দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মামলা নারী ও শিশু আদালতে পাঠানো হয়েছে। আদালতের এ রায়ে তারা সন্তুষ্ট বলেও জানান তিনি।
