রংপুরে গৃহবধূ হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫ 

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরের গঙ্গাচড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূ সুখীমনিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি তার স্বামী মো. শামীম মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

বুধবার পঞ্চগড় ও লালমনিরহাট জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মামলার প্রধান আসামি নিহতের স্বামী মো. শামীম মিয়া (২৪), ২ নম্বর আসামি মো. সাজু মিয়া (৫০), ৩ নম্বর আসামি মোছা. আফরোজা বেগম (৪৬), ৬ নম্বর আসামি মোছা. সাথী বেগম (২২) এবং ৯ নম্বর আসামি মো. আমিনুল গাটিয়া (৬০)।

এসআরবি-১৩ জানায়, রংপুরের গঙ্গাচড়া থানাধীন চিল্লানির মাজার এলাকায় যৌতুকের দাবিতে গৃহবধূ সুখীমনিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে গত ১২ সেপ্টেম্বর গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা করেন নিহতের মা রওশরা বেগম। মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়ে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালে শামীম মিয়ার সঙ্গে সুখীমনির বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই শামীম ও তাঁর পরিবারের সদস্যরা দুই লাখ টাকা যৌতুকের দাবিতে সুখীমনির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-মীমাংসাও হয়।

এজাহার অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর রাতে শামীম ও তাঁর পরিবারের লোকজন সুখীমনির ওপর নির্যাতন শুরু করেন। পরদিন ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে ২ নম্বর কোলকন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম মোবাইল ফোনে সুখীমনির পরিবারের সদস্যদের তাঁর মৃত্যুর খবর জানান। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে সুখীমনির লাশের গলায় আঘাতের কালো দাগ দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এরপর নিহতের মা রওশরা বেগম বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে এসআরবি-১৩ গোয়েন্দা নজরদারি শুরু করে।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ২টার দিকে এসআরবি-১৩-এর সিপিএসসির একটি আভিযানিক দল পঞ্চগড়ের বোদা থানাধীন মালিপুকুরি গ্রামে অভিযান চালায়। সেখান থেকে মামলার ৬ নম্বর আসামি মোছা. সাথী বেগম ও ৯ নম্বর আসামি মো. আমিনুল গাটিয়াকে গ্রেপ্তার করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৬টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ থানাধীন কাশিরাম গ্রামে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. শামীম মিয়া, ২ নম্বর আসামি মো. সাজু মিয়া ও ৩ নম্বর আসামি মোছা. আফরোজা বেগমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পাঁচ আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৩।