প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নেসকো অফিস ঘেরাও

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৪ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

প্রিপেইড মিটার বাতিল, অপসারণ করে পূর্বের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপন এবং নতুন বিদ্যুৎ সংযোগের আবেদনকারীদের ডিজিটাল পোস্টপেইড মিটার দেওয়ার দাবিতে রংপুরে নেসকো অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুরের উদ্যোগে নেসকো অফিস ঘেরাও করে প্রধান প্রকৌশলী বরাবর গ্রাহকদের শত শত দরখাস্তসহ স্মারকলিপি দেওয়া হয়।

এর আগে, সকাল ১১টায় শাপলা চত্বর ও লালবাগ থেকে দুটি মিছিল নেসকো রংপুর অফিসে গিয়ে ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়।

ঘেরাও কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে কমিটির সভাপতি অধ্যাপক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, মির্জা বাবর বাবুল, সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, মো. সোহেল, শাহিদুল ইসলাম সুমন এবং ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহক নাজনীন বেগম, শাহানারা খাতুন, শফিকুল ইসলাম, রাজা মিয়াসহ অন্যরা।

ভুক্তভোগী শাহানারা খাতুন বলেন, ‘আগে যে লাইট, ফ্যান, চুলা ছিল, এখনো তাই আছে। আমার বিদ্যুতের ব্যবহার বাড়েনি। কিন্তু প্রিপেইড মিটার লাগানোর পর খরচ বেড়েছে তিনগুণ। আমি এই মিটার চাই না।’

শফিকুল ইসলাম বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। নেসকোর লোকজন গিয়ে আমার স্ত্রীকে বলেছে, এখনই প্রিপেইড মিটার না লাগালে পরে ২০ হাজার টাকা ফাইন হবে, মামলা হবে। আমার স্ত্রী ভয়ে কিছু বলতে পারেনি। তারা মিটার লাগিয়ে চলে গেছে। এখন প্রতিমাসে আগের চেয়ে অনেক বেশি টাকা বিদ্যুতের পেছনে খরচ হচ্ছে।’

বিদ্যুৎ গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘নেসকো প্রতারণাপূর্বক জনগণের ইচ্ছার বিরুদ্ধে এই মিটার লাগিয়েছে। অবিলম্বে প্রিপেইড মিটার প্রকল্প বাতিল করতে হবে।’

সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে গ্রাহকদের অভিযোগের কথা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়ে গেলাম। নেসকো বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ ও দাবির প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে প্রিপেইড মিটার অপসারণ করে পূর্বের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপন করবে—এটাই প্রত্যাশা করছি। অন্যথা হলে আমাদের কঠোর কর্মসূচির দিকে যেতে হবে।’