ভুয়া কাবিননামায় যৌতুক মামলা, বাদিনীকে কারাদণ্ড

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৩ | অনলাইন সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

জাল কাবিননামা তৈরি করে যৌতুক ও নির্যাতনের মামলা দায়েরের ঘটনায় মামলার বাদিনী সুলতানা আক্তার (২৮) কে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে মামলার বিবাদী শরিফুল ইসলামকে মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার মানিকগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আদালতের বিচারক শোভন শাহরিয়ার এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের সুলতানের মেয়ে সুলতানা আক্তার বাদী হয়ে দৌলতপুর উপজেলার পারুরিয়া এলাকার গোলাম রব্বানীর ছেলে শরিফুল ইসলামের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেন।

মামলাটি অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে পৌঁছালে বিবাদীপক্ষের দাখিল করা কাগজপত্র ও তথ্য যাচাই-বাছাই করা হয়। এ সময় বাদিনীর দাখিল করা কাবিননামাটি ভুয়া এবং ভুয়া নথির ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে বলে আদালতে প্রমাণিত হয়।

এরপর মিথ্যা তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত করা এবং নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করার ঘটনায় বিচারক শোভন শাহরিয়ার বাদিনী সুলতানা আক্তারকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন।

অন্যদিকে, অভিযোগ থেকে অব্যাহতি পেয়ে বিবাদী শরিফুল ইসলামকে মামলার সব দায় থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।

আদালতের এই আদেশকে স্বাগত জানিয়ে সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক ভিপি ও আইনজীবী বজলুর রহমান বলেন, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করার যে প্রবণতা বেড়েছে, এ ধরনের রায়ের ফলে তা অনেকটাই কমে আসবে।