টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৫ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি

‘পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো চারপাশ, ডেঙ্গুমুক্ত দেশ সবার অঙ্গীকার’—এই প্রতিপাদ্যে টাঙ্গাইলে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা পরিষদ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে ডেঙ্গু ও মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন করা হয়।
একই সঙ্গে জেলা পরিষদের বিভিন্ন স্থানে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়।
টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, সহকারী প্রকৌশলী শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি থেকে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির বলেন, শুধু মশক নিধন অভিযান পরিচালনা করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
তিনি আরও বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে।
