রবি ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ৩ বিকাশকর্মী গ্রেপ্তার

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৮ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সিসি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি এবং শ্লীলতাহানির অভিযোগে তিন বিকাশকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন শাহজাদপুর পৌর এলাকার ডাকবাংলাপাড়া মহল্লার বিকাশ সার্ভিস পয়েন্টের আইটি বিশেষজ্ঞ তারেক রাব্বি (৩৬), বাজিয়ারপাড়া মহল্লার প্রহরী হোসেন আলী (৪৮) ও বেড়াকুচাটিয়া এলাকার বিকাশকর্মী চয়ন ইসলাম (২৭)। শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রী ডাকবাংলাপাড়া মহল্লার পশ্চিম পাশে একটি মেসে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সোমবার রাতে তার এক পুরুষ বন্ধু ব্যক্তিগত প্রয়োজনে ওই মেসে যান। কিছু সময় অবস্থানের পর তিনি চলে যান। বিষয়টি ওই ছাত্রীর কক্ষের পাশের বিকাশ সার্ভিস পয়েন্টের সিসি ক্যামেরার নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত কয়েকজনের নজরে আসে।

এরপর বুধবার সকালে ওই ছাত্রীকে ডেকে নিয়ে সিসি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৩০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে ফুটেজ ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ওইদিন রাতে ডাকবাংলাপাড়া মহল্লার বিপ্লব কুমারের চারতলা ভবনের বিকাশ অফিসে ছাত্রীকে আবারও ডেকে নেওয়া হয়। সেখানে দাবিকৃত টাকা দিতে না পারলে তার গলায় থাকা সোনার চেইন দিতে বলা হয়।

একপর্যায়ে অন্যদের সরিয়ে নিয়ে তারেক রাব্বি ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। এ সময় ছাত্রীটি রুম থেকে বের হওয়ার চেষ্টা করলে হোসেন আলী তাকে শ্লীলতাহানি করেন এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পরে ওই ছাত্রী পালিয়ে যাওয়ার সময়ও তাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করেন। পরে বৃহস্পতিবার ভোররাতে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করায় পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশংসা দেখা দিয়েছে।