গঙ্গাচড়ায় পরিত্যক্ত ওয়ান শ্যুটার পিস্তল জব্দ
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৩ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরের গঙ্গাচড়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি ওয়ান শ্যুটার পিস্তল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গজঘন্টা ইউনিয়নের বাবুপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৩-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল গজঘন্টা বাবুপাড়া গ্রামের মো. নজরুল হকের বাড়ির পেছনের রাস্তার পাশের বাঁশঝাড়ে অভিযান চালায়। এ সময় বাঁশঝাড়ে পরিত্যক্ত অবস্থায় লোহার তৈরি রুপালি রঙের একটি ওয়ান শ্যুটার পিস্তল পাওয়া যায়। পরে অস্ত্রটি জব্দ করা হয়।
জব্দ করা পিস্তলটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে গঙ্গাচড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৩ জানায়, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
