সিরাজগঞ্জে ত্রাণের সাড়ে ৭ মেট্রিক টন চালের হদিস নেই
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলের দুটি ইউনিয়নের বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বরাদ্দ করা প্রায় সাড়ে ৭ মেট্রিক টন ত্রাণের চালের এখনও হদিস পাওয়া যাচ্ছে না। এ নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বাঘুটিয়া ও খাসপুখুরিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণের জন্য উল্লেখিত চাল বরাদ্দ দেওয়া হয়। ওই দুই ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ চালগুলো উত্তোলন করে অসহায় মানুষের মধ্যে বিতরণ না করে মজুদ রাখে।
বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে মাথাপিছু ৩০ কেজি করে এসব চাল বিতরণের কথা ছিল। তবে নির্ধারিত সময়ে চাল বিতরণ না হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান শাকিল আলোকিত বাংলাদেশকে বলেন, উক্ত জিআরের চাল গোডাউনে সংরক্ষিত নেই। তবে ৫২০ বস্তা চাল স্থানীয় একটি স্কুলের কক্ষে থাকলেও ৮০ বস্তা চালের হদিস পাওয়া যাচ্ছে না।
এ ঘটনার পর ওই দুই ইউপির চেয়ারম্যান এখন গা ঢাকা দিয়েছেন। বিষয়টি জেলা প্রশাসককে ইতিমধ্যে অবহিত করা হয়েছে। এ বিষয়ে নির্দেশনা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
