রামগতিতে ব্রিজের সংযোগ সড়ক ভেঙে জনদুর্ভোগ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৮ | অনলাইন সংস্করণ

  রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বয়ারচরের রহমতপুর সড়কের ওপর নির্মিত ব্রিজের সংযোগ সড়ক ভেঙে চারটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। গত ১৬ দিন আগে ব্রিজের দুপাশের সংযোগ সড়ক ভেঙে গেলে এ অবস্থার সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার বয়ারচরের জনগুরুত্বপূর্ণ এ সড়কটির শেখ ফরিদ মেম্বারের বাড়ির দরজার সামনে ২০২৫ সালে ব্রিজটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

চলতি বর্ষায় টানা বৃষ্টি ও মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের স্রোতে গত ৯ সেপ্টেম্বর ব্রিজের দুপাশের সংযোগ সড়ক ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রামগতি-বয়ারচর সড়ক, মোল্লাগ্রাম, সেন্টাল বাজার, তেগাছিয়া বাজারসহ আশপাশের গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

সড়কের আশপাশে বেশ কয়েকটি মসজিদের মুসল্লি, মাদরাসা ও স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে।

এদিকে চরাঞ্চলের কৃষিপণ্যসহ কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আনা-নেওয়া করতে প্রতিদিন ট্রাক, অটোভ্যান, অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ নানা যান চলাচল করে থাকে এ সড়ক দিয়ে। কিন্তু সড়কের এমন দুরাবস্থায় উদ্বিগ্ন হয়ে উঠেছে এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম ও আমজাদ মিয়া বলেন, ১৬ দিন ধরে চরাঞ্চলের মানুষের দুর্ভোগের শেষ নেই। কিন্তু স্থানীয় প্রশাসন ও এলজিইডি অফিসকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না।

চরগাজী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) শেখ ফরিদ বলেন, ১৬ দিন ধরে চরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রয়েছে। উপজেলা এলজিইডি অফিস ও প্রশাসনকে একাধিকবার ফোন করলেও তারা ফোন ধরছেন না। সাংবাদিকদের মাধ্যমে দ্রুত এ সংযোগ সড়কটি মেরামতের জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

রামগতি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী স্নেহাল রায় বলেন, দ্রুত ব্যবস্থা নিতে ঘটনাস্থলে লোক পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জনদুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলবেন তিনি।