শ্রীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৮ | অনলাইন সংস্করণ

  শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, হামলা, ভাঙচুর ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলাবাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়।

শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম নয়নের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে গিয়ে শেষ হয়।

মিছিলে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রদল, যুবদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে মাওনা চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রাশিদুল ইসলাম নয়ন বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিনের শাসনামলে হত্যা, গুম, সন্ত্রাস ও লুটপাটের মাধ্যমে জনসমর্থন হারিয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম ও রায় হয়েছে। এসব রায়ের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে বলে তিনি দাবি করেন।

রাশিদুল ইসলাম নয়ন আরও বলেন, এসব কর্মকাণ্ড প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।

সমাবেশ থেকে তিনি রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।