রংপুরের কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি কুমিল্লায় গ্রেফতার

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৫ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরের মিঠাপুকুরে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আদনান (২২)কে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার দুপুরে এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল দুপুরে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি আদনানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আদনান রংপুর মহানগরীর তাজহাট থানার ৩১ নম্বর ওয়ার্ডের রবিউল ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছর এসএসসি পরীক্ষা দেওয়া ওই কিশোরীর সঙ্গে আসামি আদনানের চার বছর আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল। এর সূত্র ধরে আদনান বিভিন্ন জায়গায় ওই কিশোরীকে ঘুরতে নিয়ে যেতেন।

একপর্যায়ে আদনান ওই কিশোরীকে তাঁর বোনের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নানাভাবে প্রলোভন দিতে থাকেন। গত ৭ আগস্ট ২০২৬ তারিখে আদনান ওই কিশোরীকে তাঁর বোনের বাড়িতে নিয়ে যান। সেখানে বোনের বাড়ির লোকজন আদনান ও ওই কিশোরীকে একটি ঘরের মধ্যে বসতে দিয়ে নাস্তা খেতে দেন। নাস্তা খাওয়ার সময় বোনের বাড়ির লোকজন ঘরের বাইরে থেকে দরজা লাগিয়ে দেন।

এ সুযোগে আদনান বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ওই কিশোরীর মা বাদী হয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলাটির নম্বর-০১। মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে যায়।

মামলা দায়েরের পর অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এবং এসআরবি-১১, সিপিসি-২, কুমিল্লার একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন জোড্ডা উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে মিঠাপুকুর থানার কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আদনানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি জানায়, সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ ও বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।