মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থরা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৪ | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় আবারও মিড ডে মিলের খাবার খেয়ে ৩১ জন কোমলমতি শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা শেষে তারা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একের পর এক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আকতার।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিশ্রামপুর মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (পলাশবাড়ী) শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিলের খাবার পরিবেশন করা হয়। খাবারের তালিকায় ডিমও ছিল। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে শুরু করে।
পেটে তীব্র ব্যথা ও বমি ভাব নিয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে ৩১ জন শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ১৪ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায়। বাকি ১৭ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়।
এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সংশ্লিষ্ট স্কুল পরিদর্শন করেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানান, ডিম ও ডিমের খোসাসহ প্রয়োজনীয় খাদ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিভিল সার্জন দপ্তরে পাঠানো হয়েছে। ল্যাব টেস্টের রিপোর্ট হাতে আসার পরই নিশ্চিত হওয়া যাবে ঠিক কী কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আকতার জানান, অসুস্থ হওয়া ৩১ শিক্ষার্থীর সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
উল্লেখ্য, এর আগে গত সোমবার (২১ সেপ্টেম্বর) একই উপজেলার চাড়োল ইউনিয়নের মধুপুর-১, তুলসীপাড়া ও মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডের নির্ধারিত প্যাকেটজাত দুধ পান করে প্রায় ৩৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। সে সময়ও দুধ পান করার পরপরই শিশুদের বমি ভাব, পেটে ব্যথা ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিলে তাদের জরুরিভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
