সিরাজগঞ্জে প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস আর নেই

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৯ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস (৮২) আর নেই। শুক্রবার ভোরে শহরের পদ্মপুকুর পাড়ের নিজ বাসভবনে বার্ধক্যজনিত নানা রোগে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট হৃদরোগে আক্রান্ত হলে আব্দুল কুদ্দুসকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কিছুদিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। পরে কিছুটা সুস্থ হলে তাকে বাসায় আনা হয়। এরপর মাসাধিককাল তিনি নিজ বাসায় শয্যাশায়ী ছিলেন।

আব্দুল কুদ্দুস ১৯৬৮ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন। তিনি দৈনিক সংবাদ পত্রিকার সিরাজগঞ্জ বার্তা পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক সংবাদ পত্রিকায় কর্মরত ছিলেন।

তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক (অব.) আব্দুল হামিদের বড় ভাই এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান লায়লা ফেরদৌস হিমেলের চাচা।

শুক্রবার বাদ জুমা সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কেন্দ্রীয় কবরস্থান মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেখানেই তার দাফনকার্য সম্পন্ন করা হয়।

জানাজায় মরহুমের ভাগ্নে সিরাজগঞ্জ-১ আসনের (কাজিপুর-সদরের একাংশ) এমপি সেলিম রেজা, বিএনপি ও বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ, প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বহু ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

এদিকে প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।