নোয়াখালীতে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫২ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে জেলা শহরের মডেল মসজিদ এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এনসিপি ও জামায়াত দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। একই সঙ্গে নাসির উদ্দিন ফাটাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বক্তারা সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সফল করার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. আলমগীর আলো, বিএনপি নেতা ভিপি জসিম উদ্দীন, শাহ জাফর উল্যাহ রাসেল, নুরুল আমিন খান, সাবের আহম্মদ, আবুল হাসান নোমান, জেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদকসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
