পটিয়া শ্রীমাই খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৬ | অনলাইন সংস্করণ
পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় শ্রীমাই খাল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর ছনহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঠেগরপুনি সংলগ্ন ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শ্রীমাই খালের পানিতে গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পটিয়া থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তবে এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ছনহরা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জাহেদুল হক বলেন, সকালে স্থানীয়রা খালের মধ্যে গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তাকে খবর দিলে তিনি ঘটনাস্থলে যান। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তিনি বলেন, নিহত ব্যক্তিকে এলাকার কেউ বলে মনে হয়নি এবং তার পরিচয়ও জানা যায়নি।
পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক জানান, উত্তর ছনহরার ১ নম্বর ওয়ার্ডের টেকেরপনি সংলগ্ন ব্রিজের পাশে শ্রীমাই খালের মধ্যে অজ্ঞাত এক যুবকের মরদেহ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।
